—ছবি মুক্ত প্রভাত
নোয়াখালী সদর উপজেলায় সরকারি হাট-বাজার নিলামের টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল জমা দেওয়ার অভিযোগে মো. হারুন (৪২) নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. হারুন নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার উজ্জ্বলপুর এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) ছিল সদর উপজেলার ৩৩টি হাট-বাজারের ইজারা নিলামের টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর টেন্ডার বক্সগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসা হচ্ছিল। এ সময় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ইউএনও কার্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে শ্রমিকদল নেতা হারুন জোরপূর্বক ২-৩টি সিডিউল টেন্ডার বক্সে ঢুকিয়ে দেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামের নজরে আসলে তিনি পুলিশকে অভিযুক্তকে আটক করার নির্দেশ দেন। পরে পুলিশ তাকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের সাজা
আটকের পর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট জানান, সিসিটিভি ফুটেজে হারুনের জোরপূর্বক সিডিউল জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
দলীয় প্রতিক্রিয়া
এ বিষয়ে নোয়াখালী জেলা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, "বিষয়টি আমি গণমাধ্যমের কাছ থেকে জেনেছি। দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ইজারা প্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম ও প্রভাব বিস্তারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।