—ছবি সংগৃহীত
বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকার একটি আবাসিক হোটেলে 'হানিট্র্যাপ' বা ব্ল্যাকমেইল চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়ার পথে ছিলেন এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলামের দায়ের করা মামলায় এক তরুণী ও এক যুবককে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিলিতা দত্ত ওরফে ম্যালাইসা এবং সান্টু হাওলাদার।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের সঙ্গে আব্দুর রহমান নামে এক ব্যক্তির পূর্ব পরিচয় ছিল। শনিবার (৭ মার্চ) বিকেলে জরুরি কাজের কথা বলে সিরাজুলকে গির্জা মহল্লা এলাকায় ডেকে নেন রহমান। রাত ৯টার দিকে সিরাজুল সেখানে পৌঁছালে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে।
ভুক্তভোগীর অভিযোগ, ওই কক্ষে ঢোকার পরই মিলিতা নামের ওই তরুণী ভেতর থেকে দরজা আটকে দেন। এরপরই সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা চক্রের সদস্যরা সিরাজুলকে জিম্মি করে ওই তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং অতিরিক্ত আরও ১৩ হাজার টাকা দাবি করা হয়।
পরিস্থিতি বুঝতে পেরে কৌশলে সিরাজুল বিষয়টি তার এক পরিচিত ব্যক্তিকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে মিলিতা ও সান্টুকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের মালিক, ব্যবস্থাপক ও চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সনজিৎ চন্দ্র নাথ জানান, এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাদী হয়ে হোটেল মালিক ও ব্যবস্থাপকসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। রোববার (৮ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।