—ছবি মুক্ত প্রভাত
নাটোরের সিংড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে তেল মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
ঘটনার বিবরণ: গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের নিচে পানির ট্যাংকিতে বিশাল পরিমাণ জ্বালানি তেল লুকিয়ে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অন্যায়ভাবে তেল সংরক্ষণের দায়ে সিংড়া থানার মোড় এলাকার 'সততা ট্রেডার্স'-এর স্বত্বাধিকারী মো. রুবেলকে (পিতা: বেল্লাল হোসেন) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মজুতকৃত তেল দ্রুত দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বাজার তদারকি: একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে পৃথক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে সেখানে তিন দোকানদারকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের বক্তব্য: উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, "অসাধু ব্যবসায়ীরা তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল। অভিযুক্ত ব্যবসায়ীর তেল মজুদের অনুমতি থাকলেও তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে বাঁশঝাড়ের নিচে মাটির ভেতরে তা লুকিয়ে রেখেছিলেন। জনস্বার্থে আমাদের এই তদারকি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।"
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।