সরিষার বাম্পার ফলন : উৎপাদনে দেশে প্রথম উল্লাপাড়া
চলতি রবি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের সার্বক্ষণিক পরামর্শে এ বছর সরিষা উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে এ উপজেলা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলা পর্যায়ে সরিষা উৎপাদনে বর্তমানে দেশের শীর্ষস্থানে রয়েছে উল্লাপাড়া।
উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে। এতে মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৪৫৪ মেট্রিক টন। ইতোমধ্যে অধিকাংশ মাঠে সরিষা কাটা ও মাড়াই শুরু হয়েছে এবং অনেক কৃষক ঘরে তুলেছেন সোনালি ফসল।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উল্লাপাড়ায় বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫, বারি সরিষা-১৮, বারি সরিষা-২০ এবং বিনা সরিষা-৯ জাতের চাষ বেশি হয়েছে। উন্নত জাতের এসব সরিষা অধিক ফলনশীল হওয়ায় কৃষকরা ভালো উৎপাদন পাচ্ছেন। উপজেলার মোট ১৬ হাজার ১০০ জন কৃষককে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ প্রদান করেছেন।
উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। সেখানে কথা হয় কৃষক খোরশেদ সরকারের সঙ্গে। তিনি জানান, এ বছর ৩৮ বিঘা জমিতে বারি-১৪, ১৮ এবং বিনা সরিষা-৯ জাতের চাষ করেছেন। গত বছর বিঘাপ্রতি ৫ মণ উৎপাদন হলেও এ বছর প্রতি বিঘায় প্রায় ৭ মণ সরিষা ঘরে তুলছেন। তিনি বলেন, সময়মতো কুয়াশা না থাকা এবং পর্যাপ্ত রোদ পাওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষি অফিস থেকে উন্নত বীজ ও সার পাওয়ার পাশাপাশি নিয়মিত পরামর্শও পেয়েছি। এতে খরচ কমেছে এবং ফলন বেড়েছে।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান বেতবাড়ী গ্রামের কৃষক এরশাদ আলী, আল আমিন হোসেন ও শরিফ হোসেন। তারা বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার দানা মোটা হয়েছে এবং ফলন আশানুরূপের চেয়েও বেশি হয়েছে।
উপজেলার সুজা গ্রামে দেখা যায়, কৃষক রহিম আলী ঘোড়ার গাড়িতে করে সরিষা বাড়িতে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এ বছর ফলন ভালো হওয়ায় সবার কাজ বেড়েছে। শ্রমিকের মজুরি বেড়েছে, অনেক সময় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় ঘোড়ার গাড়ির সুবিধা থাকায় কম খরচে সরিষা পরিবহন করা যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, সরিষা উৎপাদনে উপজেলা পর্যায়ে বর্তমানে উল্লাপাড়া দেশের প্রথম স্থানে রয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষাবাদ সম্পন্ন হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ এবং নিয়মিত তদারকি ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।