ঈদকে সামনে রেখে উল্লাপাড়ায় অবৈধ দোকান উচ্ছেদ
ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা। বুধবার পৌর শহরের ওভারব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে আঞ্চলিক সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অন্তত ১০টি অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়। এতে সড়কের দখলমুক্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (পিএনও) মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পিএনও আশরাফুল ইসলাম জানান, পুরাতন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা এবং ওভারব্রিজের পাশে দীর্ঘদিন ধরে সড়ক দখল করে কয়েকটি দোকান গড়ে ওঠে। এর ফলে শহরে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং প্রায়ই যানজট লেগে থাকত।
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে পৌরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।