মাত্র ছয় মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ১০ বছর বয়সে ছয় মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনায় এসেছে শিশু আবু বকর সিদ্দিক। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।
আবু বকর সিদ্দিক হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি শিক্ষক মো. বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির ছেলে। কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করে মাত্র ছয় মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেছে সে।
পরিবার সূত্রে জানা যায়, সিদ্দিকের পরিবারে আরও ৬–৭ জন কুরআনের হাফেজ রয়েছেন। ছোটবেলা থেকেই তার মধ্যে কুরআনের প্রতি গভীর অনুরাগ দেখা যায়। ছেলে জন্মের পর থেকেই তাকে হাফেজ হিসেবে গড়ে তোলার নিয়ত করেন তার বাবা-মা। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০২৫ সালের শুরুতে তাকে কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয়। পরিবারের উৎসাহ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে মাত্র ছয় মাসেই সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়।
শিশু হাফেজ আবু বকর সিদ্দিক জানায়, ছোটবেলা থেকেই কুরআন তিলাওয়াত করতে তার ভালো লাগে। মাদরাসার শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের অনুপ্রেরণায় সে নিয়মিত পড়াশোনা করেছে। ভবিষ্যতে একজন বড় আলেম ও দেশবরেণ্য হাফেজ হওয়ার স্বপ্ন দেখছে সে।
সিদ্দিকের বাবা মো. বেলাল উদ্দিন বলেন, “ছোটবেলা থেকেই ছেলের মধ্যে কুরআনের প্রতি আগ্রহ ছিল। তাই আমরা তাকে হিফজে ভর্তি করাই। আল্লাহর রহমতে অল্প সময়েই সে পুরো কুরআন মুখস্থ করতে পেরেছে। একজন বাবা হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি চাই সে ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে দ্বীনের খেদমত করুক।”
দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ মুনাওয়ার বলেন, শিক্ষকদের তত্ত্বাবধান ও পরিবারের সহযোগিতার ফলে সিদ্দিক খুব দ্রুত কুরআন হিফজ সম্পন্ন করতে পেরেছে। আমরা আশা করি, ভবিষ্যতে সে একজন বড় আলেম হয়ে ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, সিদ্দিক অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। নিয়মিত অধ্যবসায়ের ফলেই সে অল্প সময়ের মধ্যে হিফজ সম্পন্ন করতে পেরেছে। তার এই কৃতিত্ব অন্য শিশুদেরও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারাও শিশু সিদ্দিকের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।