—ছবি সংগৃহিত
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি), এনডিসি এবং এমআইএসটিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, গত রোববারের পর আজ দ্বিতীয় দফায় এই রদবদলের আদেশ এল।
শীর্ষ পদে রদবদল
আদেশ অনুযায়ী, বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, এনডিসির বর্তমান কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনাবাহিনীর নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে।
প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তন
সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ। বর্তমানে এই দায়িত্বে থাকা মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, এমআইএসটির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়োগ
লজিস্টিকস (লগ) এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। বর্তমান জিওসি মেজর জেনারেল মো. মোস্তাগাউসুর রহমান খান স্বাভাবিক নিয়মে অবসরে যাচ্ছেন।
পূর্ববর্তী রদবদল
এর আগে গত রোববার আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছিল। সে সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়। পাশাপাশি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) নিয়োগ দেওয়া হয়।
পিএসও হিসেবে দায়িত্বরত লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।