—ছবি সংগৃহিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) ভাষা ও জাতীয়তাবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মের মুখে ‘ইনকিলাব’ শব্দ শুনলে তার ‘রক্তক্ষরণ’ হয়।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাষার বিকৃতি ও রাজনৈতিক প্রেক্ষাপট
বিদ্যুৎমন্ত্রী বলেন, "আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, তাহলে আজকের জেন-জি 'ইনকিলাব' বলত না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। এটার জন্যই কি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে, এখন সেটা দেখছি।"
তিনি আরও যোগ করেন, "বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না। এখন নতুন নতুন শব্দ শুনছি—ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদি। এগুলোর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।"
সমালোচনার আশঙ্কা ও দেশপ্রেম
নিজের বক্তব্যের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে মন্ত্রী বলেন, "এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও 'র'-এর এজেন্ট বানিয়ে ফেলবে। তারপরও আমি বলব; কারণ, এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে।"
ইতিহাস ও জাতীয়তাবোধ
মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, "আমরা নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মাঝে ন্যাশনালিজম (জাতীয়তাবাদ) গ্রো করে না। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনো দিনও উন্নতি করতে পারে না।"
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।