—ছবি সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সফল করার ডাক দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, “১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়ে যায়, তবে ৫ আগস্টও ব্যর্থ হয়ে যাবে। আমরা ৫ আগস্ট যেভাবে সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিকেও সেভাবে সফল করব। ইনশাআল্লাহ, আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা-১১ আসনের দুরাবস্থা ও নাগরিক সংকট বক্তব্যের শুরুতেই নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, “এই আসনে পর্যাপ্ত খেলার মাঠ, স্কুল কিংবা হাসপাতাল নেই। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা প্রায় শতভাগ প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরশীল। এই বিশাল এলাকায় কোনো সরকারি হাসপাতাল নেই, নেই কোনো সরকারি হাই স্কুল। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি।”
এলাকার জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বর্ষাকালে সামান্য বৃষ্টিতে ৬০ শতাংশ রাস্তা তলিয়ে যায়। মাত্র ৩০-৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়, বাকি ৭০ শতাংশ এলাকা চরম অবহেলার শিকার। আমাদের রামপুরা ও শাহজাদপুর খালের মতো প্রাকৃতিক জলাধারগুলো বালু ফেলে দখল করা হয়েছে।”
উন্নয়ন না হওয়ার মূলে ‘ভূমিদস্যু’ এলাকার উন্নয়ন থমকে থাকার পেছনে রাজনৈতিক মদতপুষ্ট ভূমিদস্যুদের দায়ী করেন এই প্রার্থী। নাহিদ ইসলাম অভিযোগ করেন, “ঢাকা-১১ এলাকা উন্নয়ন না হওয়ার প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক ভূমিদস্যুতা। এলাকার শত শত মানুষের জমি, সরকারি খাস জমি ও জলাশয় দখল করে ভরাট করা হয়েছে। এর ফলে শত শত পরিবার আজ নিঃস্ব।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে এবং এলাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও উন্নত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার করেন তিনি।