—ছবি মুক্ত প্রভাত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিমের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মহিলা জামায়াতের উদ্যোগে এই নির্বাচনী প্রচারণামূলক মিছিলটি বের করা হয়।
মিছিলটি নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক মহিলা নেত্রী, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে 'দাঁড়িপাল্লা' প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তারা 'দাঁড়িপাল্লায় ভোট দিন' এবং 'সৎ ও যোগ্য নেতৃত্ব চাই' সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করা প্রয়োজন। তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।