—ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্য ৫০ বস্তা জিরা জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফান্দাউক মোড়ে এই অভিযান চালানো হয়।
নাসিরনগর অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ফান্দাউক মোড়ে অবস্থান করছিল। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ ভ্যানের চালক ও হেলপার গাড়িটি রেখে পালিয়ে যায়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে টহল টিমের কমান্ডার লেফটেন্যান্ট ইফতেমাম আহমেদের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপ থেকে ভারতীয় ৫০ বস্তা অবৈধ জিরা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট ইফতেমাম আহমেদ জানান, জব্দকৃত জিরার মোট ওজন প্রায় ১,৫০০ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা। উদ্ধারকৃত মালামাল ও পিকআপ ভ্যানটি ২৫ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।