—ছবি মুক্ত প্রভাত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ইমরানের বাবা ছোয়াব মিয়া (৫৫)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
যেভাবে দুর্ঘটনাটি ঘটে
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিতে নাসিরনগর থেকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন ছোয়াব মিয়া। পথিমধ্যে সরাইলের ধরন্তী এলাকার পুটিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিক-আপ ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শহীদ পরিবারের শোক
নিহত ছোয়াব মিয়ার ছেলে ইমরান গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। ছেলের শোক কাটিয়ে না উঠতেই বাবার এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
পুলিশের বক্তব্য
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শহীদ ইমরানের বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ঘাতক পিক-আপটি আটকের চেষ্টা চলছে।"