—ছবি সংগৃহিত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০:৪৫ টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বর্তমান পরিস্থিতি ও উদ্ধারকাজ
মাতারবাড়ী টাউনশিপের ভেতরে অবস্থিত এই স্ক্র্যাপ ইয়ার্ডে বিদ্যুৎকেন্দ্রের ব্যবহৃত কাঠ, টিন, লোহার রডসহ বিভিন্ন পরিত্যক্ত মালামাল রাখা ছিল। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহেশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুনের তীব্রতা বেশি হওয়ায় চকরিয়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
ফায়ার সার্ভিসের মাতারবাড়ী ইউনিটের টিম লিডার সালাহ উদ্দিন জানান, "আমরা সাধ্যমতো চেষ্টা করছি। খোলা জায়গা হওয়ায় এবং দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।"
মূল কেন্দ্রের নিরাপত্তা
কর্তৃপক্ষ জানিয়েছে, যে স্থানে আগুন লেগেছে সেটি মূল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে অন্তত আধা কিলোমিটার দূরে অবস্থিত। ফলে মূল ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি এখন পর্যন্ত বিপদমুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের সম্ভাব্য কারণ
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া সিগারেটের টুকরো থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, রাতের বেলায় চোরদের আনাগোনা থাকে ওই ইয়ার্ডে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শী লবণশ্রমিক আমজাদ হোসেন জানান, রাত সোয়া ৯টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখেন তারা।