পূর্বাচল বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার তিন শিশু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার হওয়া তিন শিশুকে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে শিশুদের সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আশপাশের এলাকা থেকে শিশুদের উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত শিশুদের মধ্যে সাজু (৮) ও জান্নাত (৫) নামের দুই শিশুর বাবার নাম রহিম এবং মামুনের ছেলে রোহান (১০) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে শিশুদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোকতার হোসেন জানান, ভোরে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল পরিচালনার সময় বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশুকে একা অবস্থায় দেখতে পান। পরে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত শিশুদের বিষয়ে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর তাদের প্রয়োজনীয় দেখভাল, নিরাপত্তা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়। বর্তমানে শিশুদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের পরিবার বা স্বজনদের সন্ধান বের করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিশুদের শারীরিক নিরাপত্তার পাশাপাশি মানসিক সহায়তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী তাদের পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।