নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্রিজ নির্মাণের জন্য মাটির গুণাগুণ পরীক্ষা (সয়েল টেস্ট) করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন একটি খালের পাড়ে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার আশঙ্কায় বর্তমানে গ্যাস নির্গমন বন্ধ রাখা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট
স্থানীয় সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘হেলফ’ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি তদারকি করছে হাতিয়া উপজেলা এলজিইডি। বৃহস্পতিবার বিকেলে ব্রিজের সয়েল টেস্টের জন্য ১১ সে ফুট গভীর গর্ত করা হয়। কাজ শেষে শ্রমিকরা চলে যাওয়ার পরদিন শুক্রবার বিকেলে হঠাৎ ওই গর্ত থেকে গ্যাস বের হতে শুরু করে।
আগুনে আতঙ্ক ও উৎসুক জনতার ভিড়
গ্যাস বের হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে কৌতূহলবশত সেখানে আগুন ধরালে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। এতে স্থানীয়দের মধ্যে ভীতি ও প্রবল কৌতূহল দেখা দেয়। ঘটনাস্থলে ভিড় জমায় শত শত উৎসুক জনতা। স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, "আমরা নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। এটি যদি প্রাকৃতিক গ্যাস হয়, তবে গুরুত্বের সাথে পরীক্ষা করা জরুরি।"
কর্তৃপক্ষের পদক্ষেপ
হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক গ্যাস বের হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত গ্যাস নির্গমন বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে জানানোর প্রস্তুতি চলছে। আগামী এক-দুই দিনের মধ্যে বাপেক্স কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।