রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ তাদের আটক করে।
আটক দুজন হলেন—বেসরকারি একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী মো. রুহুল আমিন এবং ওমর ফারুক নামে আরেক ব্যক্তি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, রুহুল আমিন তারেক রহমানের বাসার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।
ওসি আরও জানান, অপর আটক ব্যক্তি ওমর ফারুকের দেহ তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।