৪ জানুয়ারি, ২০২৬

জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, বাড়বে শীত ও কুয়াশা

জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, বাড়বে শীত ও কুয়াশা

চলতি জানুয়ারি মাসে দেশের ওপর মোট ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার প্রকাশিত বিশেষ জলবায়ু বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারি মাসে দেশের ওপর ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ১ থেকে ২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা থাকতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস, আর মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।

জলবায়ু বার্তায় বলা হয়, এ সময় দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও শৈত্যপ্রবাহের সময় তা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া জানুয়ারি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

আবহাওয়াবিদরা শৈত্যপ্রবাহের সময় বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।