৪ জানুয়ারি, ২০২৬

আগামী তিন মাস মোবাইল ফোন ব্ল্যাকলিস্ট করা হবে না: ডিসি মাসুদ

আগামী তিন মাস মোবাইল ফোন ব্ল্যাকলিস্ট করা হবে না: ডিসি মাসুদ

আগামী তিন মাস দেশে কোনো মোবাইল ফোন ব্ল্যাকলিস্ট করা হবে না বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। রোববার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ডিসি মাসুদ আলম বলেন, এনইআইআর চালুর আগের সব স্টক লট বৈধ হিসেবে বিবেচিত হবে এবং আগামী তিন মাস কোনো ফোন বন্ধ করা হবে না। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ডিস্ট্রিবিউটরদের অতিরিক্ত ৩ থেকে ৪ শতাংশ ডিসকাউন্ট দেবে, যাতে তারা শোরুমের তুলনায় কম দামে হ্যান্ডসেট বিক্রি করতে পারেন।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) চালুর ঘোষণা দেওয়া হলেও ব্যবসায়ীদের আপত্তির কারণে তা পিছিয়ে ১ জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয় বিটিআরসি। তবে ওই দিনই এনইআইআর কার্যকরের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন একদল মোবাইল ব্যবসায়ী।

বিক্ষোভ চলাকালে বিটিআরসি কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর কার্যকর হলে কেবল বৈধ ও সরকার অনুমোদিত মোবাইল ফোনই নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। অবৈধভাবে আমদানি করা, ক্লোনড কিংবা ব্যবহৃত পুরনো ফোন আর সচল থাকবে না। তবে এনইআইআর চালুর আগ পর্যন্ত ব্যবহৃত ফোন বন্ধ করা হবে না।

সরকারের দাবি, অবৈধ পথে কর ফাঁকি দিয়ে নিম্নমানের ও ক্লোনড ফোন বাজারজাত বন্ধ করতেই এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।