৪ জানুয়ারি, ২০২৬

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাতে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী ও বর্তমান সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ।

এছাড়া এমসিসিআই, আইসিসি বাংলাদেশ, ডিসিসিআই, বিএপিআই, বিএসআরএম, বিএসএমএ, ব্যাবি, বিজিএপিএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন। বড় শিল্পগ্রুপের মধ্যে স্কয়ার, মেঘনা, প্রাণ-আরএফএল, সিকম, ট্রান্সকম, পারটেক্স ও বসুন্ধরা সংশ্লিষ্ট শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এই সৌজন্য সাক্ষাতে মতবিনিময় হয়।