বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খুব শিগগিরই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির সর্বোচ্চ পদটি শূন্য রয়েছে এবং সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি জানান, আগের মতো এবারও সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে। তার ভাষায়, আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে গণমাধ্যমে নানা আশঙ্কার কথা উঠে এলেও বিএনপি দল হিসেবে কোনো শঙ্কা দেখছে না বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, শুরু থেকেই বিএনপি একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করে আসছে। নির্বাচন প্রক্রিয়া এখন সঠিক পথেই এগোচ্ছে এবং সবার সহযোগিতায় নির্বাচন কমিশন ভোট আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির মহাসচিব আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া রাজকীয় প্রস্থান করেছেন। তিনি যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আগামী দিনে সেই বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন ফখরুল।
তিনি বলেন, “বর্তমান সুযোগকে কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও সময়ের মধ্য দিয়ে গড়ে ওঠে।”