মাঠে বল গড়ানোর আগেই আইপিএলের মেগা আসর ঘিরে শুরু হয়েছে মাঠের বাইরের চরম উত্তেজনা। আর এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে ভেড়ানোর পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা।
তোপের মুখে শাহরুখ খান
বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক বৈরিতার জেরে মোস্তাফিজকে দলে নেওয়াকে সহজভাবে নিতে পারছেন না ভারতের অনেক রাজনৈতিক নেতা। বলিউড বাদশা শাহরুখ খান মোস্তাফিজকে দলে নেওয়ায় উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম তাকে সরাসরি ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে কোনো বাংলাদেশিকে দলে নেওয়া ভারতের স্বার্থবিরোধী।
শিবসেনার হুমকি ও ‘মেজর টার্গেট’ হুঁশিয়ারি
উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন হিন্দুত্ববাদী রাজনীতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। বাংলাদেশে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে তিনি কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মোস্তাফিজকে পরোক্ষভাবে হুমকি দিয়ে বলেন, “পুরো দেশ এখন বাংলাদেশের ওপর ক্ষুব্ধ। এমন অবস্থায় কোনো বাংলাদেশি ভারতে এলে তিনি জনরোষের শিকার হতে পারেন।”
সঞ্জয় নিরুপম আরও যোগ করেন, “যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তবে তিনি ‘মেজর টার্গেট’ হওয়ার আগেই আমাদের অনুরোধ—তাকে যেন বাদ দেওয়া হয়। এটি তার (মোস্তাফিজ) নিজের নিরাপত্তার জন্যই ভালো হবে।”
কেকেআরের নীরবতা
এতসব বিতর্ক ও হুমকির মুখে এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স বা শাহরুখ খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে কোটি টাকার এই পেসারকে নিয়ে ভারতীয় রাজনীতিকদের এমন মারমুখী অবস্থান আইপিএলের নিরাপত্তা ও স্পোর্টিং স্পিরিটকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।