১ জানুয়ারি, ২০২৬

উল্লাপাড়ায় বিদ্যালয় থেকে মালামাল চুরি

উল্লাপাড়ায় বিদ্যালয় থেকে মালামাল চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ও অফিস কক্ষের তালা ভেঙ্গে চোরেরা প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

ঘটনা দুটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ দুটি জাতীয়করণকৃত প্রতিষ্ঠান হওয়ায় এখানে কোন নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হয়নি।

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা পারভীন জানান, মঙ্গলবার তিনি এবং তার শিক্ষকগণ বিকেল সাড়ে ৪ টায় স্কুল শেষে সবাই অফিস কক্ষ ও মূল গেটে তালা লাগিয়ে বাড়িতে চলে যান।

বুধবার নির্বাহী আদেশে ছুটি ছিল। বৃহস্পতিবার সকালে তারা স্কুলে গিয়ে দেখেন মূল ও অফিস কক্ষের তালা ভাঙ্গা। পরে স্কুলের আলমারি খুলে দেখা যায় সেখানে রক্ষিত ২টি ল্যাপটপ, ২টি প্রজেক্টর, একটি কাঁসার বেল এবং টয়লেটের কিছু পরিচ্ছন্ন সামগ্রী নেই। অফিস কক্ষটিও তছনছ হয়ে আছে। পরে তারা বুঝতে পারেন চোরেরা তাদের এসব সামগ্রী নিয়ে গেছে। এগুলোর মূল্য ৩ লাখ ২০ হাজার টাকারও বেশি।

চর ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া মুর্শিদা পারভীনের মতো অনুরূপ কথা জানিয়ে বলেন, চোরেরা তার স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ২টি রাউটার, ২টি সাউন্ড সিস্টেম, কাঁসার বেল, একটি রাইচ কুকার ও কয়েকটি তোয়ালেসহ বেশ কিছু টয়লেট ফিটিংস চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ৮০ হাজার টাকা। উভয় প্রধান শিক্ষক এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার মোঃ আব্দুল মজিদ জানান, উল্লিখিত দুটি স্কুলের প্রধান শিক্ষকগণ থানায় অভিযোগপত্র দিয়েছেন। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।