১ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে অনুমোদনহীন পাইপ কারখানাকে লাখ টাকা জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন পাইপ কারখানাকে লাখ টাকা জরিমানা

রাজশাহী মহানগরীতে মানহীন ও অনুমোদনহীন প্লাস্টিক পাইপ তৈরির দায়ে একটি কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর আসাম কলোনী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই’র মানসনদ ছাড়াই চলছিল উৎপাদন
অভিযান সূত্রে জানা গেছে, ‘মদিনা প্লাস্টিক ফ্যাক্টরী’ নামের ওই প্রতিষ্ঠানটি বিএসটিআই’র কোনো ধরনের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘ইউ-পিভিসি পাইপ’ উৎপাদন করে আসছিল। নিয়ম বহির্ভূতভাবে এই পাইপ বিক্রি ও বিতরণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব অভিজিত সরকার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং-এর প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে নিয়মিত হবে অভিযান
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং পণ্যের মান নিশ্চিতে এই ধরণের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট রাজশাহী বিভাগে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।