সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নিতে রাজধানীতে নেমেছে মানুষের ঢল। জানাজাকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মানিক মিয়া অ্যাভিনিউ। জনস্রোত শুধু মূল সড়কেই সীমাবদ্ধ নেই—ফার্মগেট উড়ালসড়কসহ আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে লাখো মানুষের উপস্থিতি। বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। কিছুক্ষন পর নেওয়া হবে জিয়া উদ্যানে। এবং সেখানেই দাফন করা হবে বেগম জিয়াকে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে দেখা যায়, চোখে জল আর গভীর শোক নিয়ে প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ। ফার্মগেট লুপ থেকে মহাখালী পর্যন্ত উড়ালসড়কে থামার জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জায়গা না পেয়ে আসাদগেট, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর এলাকা, এমনকি মোহাম্মদপুর বাসটার্মিনাল পর্যন্ত জনসমাগম ছড়িয়ে পড়ে।
অতিরিক্ত ভিড়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও অসুস্থরা। কোথাও দাঁড়ানোর সুযোগ নেই, বসার জায়গা তো দূরের কথা—এক মুহূর্ত স্থির থাকাও কঠিন হয়ে পড়েছে। জানাজার মূল প্রাঙ্গণ ছাড়িয়ে সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কগুলোও জনসমুদ্রে পরিণত হয়।
এর আগে, এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তার চিকিৎসা চলছিল।
তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই শোকাবহ উপলক্ষে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।