আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরের গুরুদাসপুর উপজেলায় নেমে এসেছে গভীর শোক। আজ (৩১ ডিসেম্বর) বুধবার সকাল থেকে উপজেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে জনজীবনে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। সড়কে যানবাহন চলাচলও তুলনামূলকভাবে কম দেখা গেছে।
গুরুদাসপুর সকল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, শোক প্রকাশের অংশ হিসেবে গুরুদাসপুরের বস্ত্র ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করছেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে গুরুদাসপুর পৌর যুবদলের উদ্যোগে বেগম জিয়ার মূল জানাজার পর বিকাল সাড়ে তিনটায় চাঁচকৈর পুরানপাড়া ঈদ গাহ মাঠে প্রিয় অভিজ্ঞ অভিভাবকের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে শোকসভা, দোয়া মাহফিল ও কালো পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করা হচ্ছে। শোকাহত মানুষের উপস্থিতিতে এসব কর্মসূচিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।