ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বাড়ছে না। আজ সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এদিন বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজই ছিল মনোনয়নপত্র জমার শেষ সুযোগ।
এদিকে রাজনৈতিক অঙ্গনে বড় চমক হয়ে এসেছে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের নির্বাচনকেন্দ্রিক ভিন্নমুখী অবস্থান। আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে দলটির মুখপাত্রের দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মাহফুজ আলম।
মনোনয়ন জমার সময় বাড়ছে না সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ছে না।’ নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ দিনভর কতগুলো মনোনয়নপত্র জমা পড়ল, তা রাত ১০টার দিকে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান ইসি সচিব।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তাঁকে দলটির মুখপাত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। এনসিপি সূত্র জানায়, আসিফ মাহমুদ দলটির সাংগঠনিক কার্যক্রম ও প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তবে তাঁর নির্বাচন করা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে আজ মুরাদনগর উপজেলা এনসিপি সমন্বয়কারীরা দাবি করেছেন, তাঁর পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি কোন আসন থেকে লড়বেন বা আদৌ লড়বেন কি না, তা নিয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনে নেই মাহফুজ আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও তিনি কোনো মনোনয়নপত্র দাখিল করেননি। বিকেল তিনি নিজেই প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার মাহফুজ আলমের পক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগদানের ঘোষণার পর তিনি স্পষ্ট করেছেন যে, তিনি এই প্রক্রিয়ার অংশ হচ্ছেন না।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।