২৯ ডিসেম্বর, ২০২৫

শীতে কাঁপছে উল্লাপাড়া, চার দিন ধরে সূর্যের দেখা নেই

শীতে কাঁপছে উল্লাপাড়া, চার দিন ধরে সূর্যের দেখা নেই

দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টানা চার দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে। গত দুই দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশির ঝরায় শীতের প্রকোপ আরও বেড়েছে।

প্রচন্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের ও দুঃস্থ মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই কাঁপতে কাঁপতে দিন কাটাচ্ছেন। দিন এবং রাতে শীত থেকে বাঁচতে কাঠ-খড় জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়।

উপজেলার গুচ্ছগ্রামের বাসিন্দা কদবানু বেওয়া বলেন, দুই দিন ধরে শীতে ঘরের ভেতরেও থাকা যাচ্ছে না। রাতে আগুন জ্বালিয়ে কোনোমতে শরীর গরম রাখতে হচ্ছে।

শীতের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুররা। কাজ না থাকায় আয় বন্ধ হয়ে গেছে অনেক পরিবারের। কয়ড়া খামারপাড়া গ্রামের দিনমজুর শামছুল প্রামানিক জানান, প্রচন্ড শীতের কারণে ঘর থেকে বের হতে পারছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে পড়েছেন তারা।

একই ধরনের দুর্ভোগের কথা জানান বেতবাড়ী গ্রামের আক্তার হোসেন ও পূর্ব সাতবাড়ীয়া গ্রামের আব্দুর রহিমসহ আরও অনেক দিনমজুর।