২৯ ডিসেম্বর, ২০২৫

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩,১১৪টি

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সংগ্রহ ৩,১১৪টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, দেশের ১০টি প্রশাসনিক অঞ্চলে রোববার পর্যন্ত মোট ৩ হাজার ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবার নিবন্ধিত ৫৮টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না।

দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। আর স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থন তালিকা জমা দিতে হবে। তবে সাবেক সংসদ সদস্যরা এই শর্ত থেকে অব্যাহতি পাবেন।

মনোনয়নপত্র জমার সময় ৫০ হাজার টাকা জামানতসহ প্রয়োজনীয় কাগজপত্র ও হলফনামা জমা দিতে হবে। এ সময় কোনো প্রার্থী সর্বোচ্চ পাঁচজনের বেশি ব্যক্তিকে সঙ্গে নিতে পারবেন না। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কোনো মিছিল, শোডাউন বা প্রদর্শনী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএএম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এদিকে, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ এলে কমিশন বিষয়টি বিবেচনা করতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অনুরোধ পাওয়া যায়নি।