ঠাকুরগাঁওয়ে হযরত বাবা শাহ সত্যপীর মাজার ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন ফজরেরর নামজে গেলে মাজার ভাংচুরের দৃশ্য দেখতে পান। এরআগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতের কোন এক সময়ে শহরের সত্যপীর ব্রীজ এলাকায় অবস্থিত ওই মাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও শহরের সত্যপীরব্রীজ এলাকায় অবস্থিত হযরত বাবা শাহ সত্যপীর মাজারটি। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে ভক্তরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসতো। এদিকে শুক্রবার রাতের কোন এক সময় কে বা কাহারা ওই মাজারে প্রবেশ করে এবং মাজারে অবস্থিত কবরগুলো ভাংচুর করে।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, কে বা কাহারা মাজার ভাংচুর করেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সেই সাথে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, যেহেতু মাজারে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি, এতে একটি বিষয় স্পষ্ট- মাজার ভাঙচুরের ঘটনাটি ধর্মীয় উগ্রপন্থিরা করেছে।আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।