আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এদিকে তারেক রহমানের ঢাকা থেকে নির্বাচনের সম্ভাবনায় আসনটি ছেড়ে দিয়ে নিজের পুরোনো এলাকা ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে আন্দালিভ রহমান নিজের নির্বাচনী এলাকা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের পক্ষ থেকে আন্দালিভ রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি নিজ দলের (বিজেপি) প্রতীক ‘গরু গাড়ি’ নিয়ে নির্বাচন করার সিদ্ধান্তে অটল রয়েছেন।
তিনি ইতিমধ্যে ভোলা-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এই আসনে বিএনপি গোলাম নবী আলমগীরকে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে এখন এই আসনে আন্দালিভ রহমানের বিপরীতে কোনো প্রার্থী না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
ঢাকার ২০টি আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছে, তার মধ্যে গুলশান-বনানী ও বারিধারা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি অন্যতম। ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে আন্দালিভ রহমান পার্থ বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুও এই আসনের সংসদ সদস্য ছিলেন।
তারেক রহমানের ভোটার হওয়া এবং আন্দালিভ পার্থের আসন পরিবর্তনের এই সিদ্ধান্ত রাজধানীর রাজপথের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।