কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও যদি আশ্বাস দেন, আমরা রাজপথ ছাড়ব না। আমরা বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব। হাদি হত্যার বিচারের জন্য যদি এক মাসও থাকতে হয়, আমরা থাকব। রাজপথ ছাড়ব না।’
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে আজ সিলেট, কুষ্টিয়া ও রংপুরেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে।
ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে। এই অবস্থানের কারণে শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
তারেক রহমানের জিয়ারত ও শাহবাগের চিত্র অবস্থান চলাকালে আজ বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ–সংলগ্ন এলাকায় ওসমান হাদির কবর জিয়ারত করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা তাঁদের অবস্থান সাময়িকভাবে সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে চলে যান। জিয়ারত শেষে তারেক রহমান ফিরে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা আবার শাহবাগে অবস্থান নেন।
আজ সরেজমিনে দেখা যায়, শীত উপেক্ষা করে শাহবাগ মোড়ের মাঝখানে খোলা আকাশের নিচে বসে আছেন নেতা-কর্মীরা। একটু পরপর স্লোগান দিচ্ছেন। চলছে কবিতা আবৃত্তি ও গান। কেউ কেউ একটু হেঁটে গিয়ে দূর থেকে হাদির কবর জিয়ারত করে আসছেন। অবস্থান চলাকালে শাহবাগেই তাঁরা জোহর, আসর ও মাগরিবের নামাজ পড়েন। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবকেরা ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন।
সরকারের প্রতি হুঁশিয়ারি অবস্থান কর্মসূচিতে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘গতকাল (শুক্রবার) আমরা উপদেষ্টাদের এখানে আসার অনুরোধ জানিয়েছিলাম। আপনারা আসেন নাই। এরপরে এসে হাতে–পায়ে ধরেও কোনো কাজ হবে না। আমাদের লড়াই চলছে, চলবে।’
উপদেষ্টাদের উদ্দেশ্য করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘জনগণ যদি চায়, তবেই আপনারা যমুনায় থাকতে পারবেন, সংসদে যেতে পারবেন। আর জনগণ যদি চায়, ক্যান্টনমেন্টে থাকলেও পার পাবেন না।’
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের ‘সেফ এক্সিট’ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘জুলাই–পরবর্তী সময়ে যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের কারা জামিন দিয়েছে, আমরা জানি। ক্যান্টনমেন্টে যেসব আওয়ামী সন্ত্রাসী আশ্রয় নিয়েছিল, তাদের কারা এক্সিট দিয়েছে, সেটাও আমরা জানি। এই জনতা জান দেবে, তবু জুলাই দেবে না।’
ঢাকার বাইরে বিক্ষোভ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কুষ্টিয়ায় ‘কুষ্টিয়ার জনসাধারণ’-এর ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মজমপুর ট্রাফিক মোড়ে গিয়ে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ ছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে ইনকিলাব মঞ্চ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেন।