২৭ ডিসেম্বর, ২০২৫

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন করবেন সতন্ত্র প্রার্থী হিসেবে

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ,  নির্বাচন করবেন সতন্ত্র প্রার্থী হিসেবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্দরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার প্রকাশ্য বিচ্ছেদে রূপ নিল। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের প্রতিবাদে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও জনপ্রিয় চিকিৎসক ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন।

একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, দলীয় পরিচয় বদলে যাওয়ায় নির্বাচনী ফান্ডের জন্য সংগ্রহ করা ৪৭ লক্ষ টাকা তিনি দাতাদের ফেরত দেবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রথমে দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পরবর্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত জানান।

জামায়াত-জোট ও আদর্শিক সংঘাত
এনসিপি সূত্রে জানা গেছে, ডা. তাসনিম জারাকে ঢাকা-৯ আসন থেকে জোটের প্রার্থী করার প্রস্তাব ছিল। কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়টি তিনি এবং দলের বড় একটি অংশ মেনে নিতে পারেননি। দলীয় চিঠিতে ৩০ জন কেন্দ্রীয় নেতা আগেই জানিয়েছিলেন যে, জামায়াতের সাথে জোট করা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। জারা পদত্যাগ করায় এখন ওই আসনে হুমায়রা নুরকে প্রার্থী করার কথা ভাবছে এনসিপি, যদিও আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সাথে সমঝোতা এখনও অনিশ্চিত।

৪৭ লাখ টাকা ফেরত ও সততার দৃষ্টান্ত
নির্বাচনী প্রচারণার জন্য ডা. জারা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গণচাঁদার আবেদন করেছিলেন, যেখান থেকে ৪৭ লাখ টাকা সংগৃহীত হয়। পদত্যাগের পর তিনি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে বলেন, "যেহেতু আমি দল বা জোটের প্রার্থী হিসেবে আর থাকছি না, তাই যারা আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছিলেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে।" বিকাশ ও ব্যাংকিং চ্যানেলে যারা টাকা পাঠিয়েছেন, তাদের জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে ট্রানজাকশন আইডি ভেরিফাই করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নতুন যাত্রা
দল ছাড়লেও নির্বাচনী লড়াই থেকে পিছু হটছেন না ডা. তাসনিম জারা। তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভোটারদের কাছে ১ শতাংশ স্বাক্ষরের সমর্থন চেয়েছেন।

এনসিপির নারী নেতৃত্বে গণ-অসন্তোষ
তাসনিম জারার এই পদত্যাগ এনসিপির নারী নেতৃত্বে বড় ধরনের ভাঙন হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও পদত্যাগের প্রক্রিয়ায় আছেন। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব নাহিদ সারোয়ার নিভা এবং নুসরাত তাবাসসুমসহ শীর্ষ নারী নেতারা জামায়াত-জোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় মুখ ডা. তাসনিম জারার এই পদত্যাগ এবং নৈতিক কারণে টাকা ফেরতের ঘোষণা এনসিপি-কে জনসমর্থনের দিক থেকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।