২৭ ডিসেম্বর, ২০২৫

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করলেন তারেক রহমান

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, তারেক রহমান ঢাকা–১৭ আসনের আওতাধীন গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন। একই দিনে তার কন্যা জাইমা রহমানও ভোটার তালিকায় নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো ব্যক্তিকে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ভোটার তালিকাভুক্ত করার এখতিয়ার রয়েছে।

এর আগে একই দিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাদির কবরস্থানে শ্রদ্ধা জানান। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান।