২৭ ডিসেম্বর, ২০২৫

মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর মুহূর্তে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ম্যাচ শুরুর আনুমানিক ২০ মিনিট আগে দুই দলের খেলোয়াড়রা যখন মাঠে ওয়ার্মআপ করছিলেন, তখন হঠাৎ করেই জাকি মাঠে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই চারপাশে ভিড় জমে যায়। উপস্থিত মেডিকেল টিম দ্রুত তাকে সিপিআর দিতে শুরু করে। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা ক্যাপিটালসের এই কোচের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাকের পর জাকিকে সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া হয়। প্রাথমিকভাবে তিনি শ্বাস-প্রশ্বাস ফিরে পান এবং কিছুটা সাড়া দিয়েছিলেন। তবে হাসপাতালে নেওয়ার পথে আবারও তিনি নিস্তেজ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাঠে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের এই কোচ।