বগুড়ার ধুনট উপজেলায় ব্যারিস্টার স্কলারশীপ পরীক্ষা গ্রহন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অর্থ ও সনদপত্র বিতরণ এবং শ্রেষ্ঠ শিক্ষক সন্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় জিমকল ইন্টারন্যাশনাল কেজি স্কুলে ১ ঘন্টা ব্যাপি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ১৩৬জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড. জাকির হোসেন। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার স্কলারশীপের প্রবর্তক হাইকোর্টের বিচারপতি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন।
সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক ড. শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রভাষক আমিনূল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জয়পুরহাটের যুগ্ম জেলা জজ রাসেল মাহমুদ, ধুনট উপজেলা সহকারী কমিশনার খায়রুজ্জামান, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, শিক্ষক এবিএম ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাগর হাসান, স্কলারশীপ পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী লিজা খাতুন, আরবী আকতার, সুরাইয়া আকতার, উম্মে আয়মান, রোকনুজ্জামান ও ফাহমিদা সাবা।
উল্লেখ্য, বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন ২০০৫ সালে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ব্যারিস্টার স্কলারশীপ’ চালু করেন। নৈব্যাত্তিক পরীক্ষার মাধ্যমে স্কলারশীপের মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা হয়। নির্বাচিত ৩০জন শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।