ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।
এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে বাদ জুমা সারাদেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
শাহবাগে অবস্থানকালে আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে আন্দোলনকারীরা শাহবাগেই রাত্রিযাপন করবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।