২৫ ডিসেম্বর, ২০২৫

কিলিমাঞ্জারোতে মেডিকেল উদ্ধার মিশনে হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল পাঁচজনের

কিলিমাঞ্জারোতে মেডিকেল উদ্ধার মিশনে হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল পাঁচজনের

আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারোতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন বিদেশি পর্যটক, একজন পাইলট, একজন চিকিৎসক ও একজন স্থানীয় গাইড রয়েছেন।

তানজানিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) কিলিমাঞ্জারোর বারাফু ক্যাম্পের নিকটবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যম মওনাঞ্চির তথ্যমতে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৬৭০ থেকে ৪ হাজার ৭০০ মিটার উচ্চতায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হলেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত বিদেশি পর্যটকদের পরিচয় ও নাগরিকত্ব এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রায় ৬ হাজার মিটার (২০ হাজার ফুট) উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জারো প্রতিবছর প্রায় ৫০ হাজার পর্যটকের আকর্ষণকেন্দ্র। তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির কারণে এখানে উদ্ধার অভিযান সবসময়ই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।