রোববার রাতে উল্লাপাড়া উপজেলায় দু'টি পৃথক অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। প্রথম আগুন লাগে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের চর দমদমা গ্রামে। এখানে কিছু শীতার্ত ব্যক্তি শীত নিবারণের জন্য আগুণ জ্বালালে অসাবধানতাবশতঃ পাশের রওশন আলী নামের এক কৃষকের খড়ের গাদায় আগুণ লাগে।
রওশন আলী জানান, আগুণ দ্রুত তার পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। তবে গবাদি পশুর কোন প্রাণ হানি ঘটেনি। পার্শ্ববর্তী কামারখন্দ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে তার অন্তত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ দিকে গভীর রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের বাড়ির বাহিরে রাখা খড়ের গাদায় আগুণ দেয় দুর্বত্তরা। এতে বিশাল আকারের দুটি খড়ের গাদা পুড়ে যায়। ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক। তিনি বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জানিয়েছেন বলে জানান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলম জানান, চয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের খড়ের গাদায় আগুণ লাগানোর বিষয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনার স্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দোষী ব্যক্তিদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান জানান, চর দমদমা গ্রামে তাদের বাহিনী পৌঁছার আগে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। অনুরূপ কথা জানালেন উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান। তার বাহিনীও চয়ড়া গ্রামে পৌঁছার আগেই প্রতিবেশীরা আব্দুর রাজ্জাকের খড়ের পালার আগুন নেভাতে সক্ষম হয়।