২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ নির্বাসন শেষে মায়ের শয্যার পাশে তারেক রহমান

দীর্ঘ নির্বাসন শেষে মায়ের শয্যার পাশে তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেই অসুস্থ মায়ের কাছে ছুটে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর হাসপাতাল চত্বরে পৌঁছায়। গাড়ি থেকে নেমে তিনি হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এর কিছুক্ষণ আগেই হাসপাতালে পৌঁছান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এর আগে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে তারেক রহমান বলেন, একজন সন্তান হিসেবে তার হৃদয় পড়ে আছে মায়ের শয্যার পাশে। তবে যাদের জন্য তার মা নিজের জীবন উৎসর্গ করেছেন— সেই জনগণকে অবহেলা করে চলে যেতে পারেন না বলেই তিনি প্রথমে তাদের সামনে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, হাসপাতালের পথে যাওয়ার আগে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাটাই তার নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে গাড়িবহর প্রবেশের সময় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস। দলীয় পতাকা ও ফেস্টুন হাতে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে হাসপাতাল এলাকা।

যদিও বিএনপির পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, তবুও আবেগ সামলাতে পারেননি নেতাকর্মীরা।