২৪ ডিসেম্বর, ২০২৫

ব্যালটের মাধ্যমে পরিবর্তন চাই, বুলেটের পথে কেউ গেলে প্রতিরোধ হবে: হাসনাত আবদুল্লাহ

ব্যালটের মাধ্যমে পরিবর্তন চাই, বুলেটের পথে কেউ গেলে প্রতিরোধ হবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের জনগণ চায় ব্যালটের মাধ্যমে পরিবর্তন, অথচ কিছু রাজনৈতিক শক্তি বুলেটের মাধ্যমে বিপ্লব ঘটানোর প্রস্তুতি নিচ্ছে—যা কখনোই গ্রহণযোগ্য নয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা একটি ব্যালট–বিপ্লব চেয়েছি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কতিপয় রাজনৈতিক দল নিজেদের দলীয় পরিচয় বিলুপ্ত করে অন্য দলে একীভূত হচ্ছে। মাত্র এক-দুটি আসনের লোভে দল বিক্রি করে দেওয়ার চেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত আর হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমরা জুলাই বিপ্লবের স্বপ্ন দেখেছি—যা হবে গণমানুষের বিপ্লব। কিন্তু কেউ কেউ বুলেট–বিপ্লবের দিকে এগোচ্ছে। এই পথ দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেবে।”

ন্যায় ও ইনসাফের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন—প্রয়োজনে জীবন দেব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণতান্ত্রিক সংস্কার জোটের শীর্ষ নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “গণতন্ত্র, ন্যায় ও ইনসাফের পথ রুদ্ধ করতে যতই ভয় দেখানো হোক, বাংলাদেশ কখনো সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদের কাছে আত্মসমর্পণ করেনি।”

তিনি বলেন, “যারা ১৫ বছর ধরে জুলুম চালিয়েছে, তারা জনরোষের মুখে পালাতে বাধ্য হয়েছে। ভবিষ্যতেও যারা জনগণকে জিম্মি করতে চাইবে, তাদের পরিণতিও একই হবে।”