২৪ ডিসেম্বর, ২০২৫

অস্ত্র ও বিস্ফোরকসহ আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

অস্ত্র ও বিস্ফোরকসহ আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন রহমান শিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকার আদাবর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

তিনি জানান, গ্রেপ্তারের পর হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তার দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ওই আবাসিক হোটেলে আত্মগোপনে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।

পুলিশের ভাষ্যমতে, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটির চালক ছিলেন আলমগীর এবং গ্রেপ্তার হিমন ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী। হিমন আদাবর থানা যুবলীগের কর্মী বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।