২৪ ডিসেম্বর, ২০২৫

দেশে ফিরে তারেক রহমানের প্রথম তিন দিনের কর্মসূচি

দেশে ফিরে তারেক রহমানের প্রথম তিন দিনের কর্মসূচি

দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম তিন দিনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) হয়ে সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে এবং দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তিনি।

সংবর্ধনা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেখান থেকে বিমানবন্দর সড়ক ও কাকলী মোড় হয়ে গুলশান-২ নম্বরে নিজ বাসভবনে ফিরবেন। প্রথম দিন আর কোনো কর্মসূচি নেই।

পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এ জন্য তিনি সশরীরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। একই দিনে তিনি ভোটার তালিকাভুক্ত হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ করবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতা সরকারের

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বপ্রণোদিত হয়ে সর্বোচ্চ সহযোগিতা করছে।

তিনি বলেন, সরকারি বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলীয় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সার্বিকভাবে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।