অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট ধরে তারা সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি প্রদান করে বলে জানা গেছে।
এ ঘটনার বিষয়ে রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লির কূটনৈতিক এলাকা অত্যন্ত সুরক্ষিত। সেখানে এ ধরনের চরমপন্থী গোষ্ঠীর প্রবেশ কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিষয়টি গভীর উদ্বেগের।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনার ও তাঁর পরিবার নিরাপত্তাজনিত ঝুঁকি ও হুমকি অনুভব করছেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।