জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই গণভোট ও আগামী জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ কর্মসূচির উদ্বোধন শেষে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “ভোটাধিকার কোনো দয়া নয়, এটি সংবিধানস্বীকৃত অধিকার। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নিষ্ক্রিয়তা নয়, সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।” তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে আগামী বহু বছরের জন্য নির্ধারিত হবে—দেশ কোন পথে অগ্রসর হবে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এই ‘ভোটের গাড়ি’ প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় ভোটের গাড়ি দেশের ৬৪টি জেলা ও তিন শতাধিক উপজেলায় পরিভ্রমণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশবাসীকে জুলাই সনদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।