২১ ডিসেম্বর, ২০২৫

২০০ টাকায় বিপিএলের ডাবল ম্যাচ; এক টিকিটেই দুই খেলা

২০০ টাকায় বিপিএলের ডাবল ম্যাচ; এক টিকিটেই দুই খেলা

বিপিএলের দ্বাদশ আসরে দর্শকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বে প্রতিদিন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ—আর সেই দুই ম্যাচই উপভোগ করা যাবে একটি টিকিটে। সবচেয়ে কম দামে স্টেডিয়ামে বসে বিপিএল দেখার সুযোগ মিলবে মাত্র ২০০ টাকায়।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিপিএল ম্যাচগুলোর টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর, আর টিকিট বিক্রি শুরু হবে ২১ ডিসেম্বর থেকে। সিলেট পর্ব চলবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত; তবে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই।

বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচের টিকিট কোনো বুথে সরাসরি বিক্রি হবে না। দর্শকদের অনলাইনে www.gobcbticket.com.bd
 ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে হবে।

টিকিটের মূল্য তালিকা (সিলেট ভেন্যু):

গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট, লোয়ার ওয়েস্ট): ২,০০০ টাকা

ক্লাব হাউস (আপার): ৫০০ টাকা

ক্লাব হাউস ‘জিরো ওয়েস্ট জোন’: ৬০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ২৫০ টাকা

শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল: ২০০ টাকা

দ্বাদশ বিপিএলের উদ্বোধনী দিনে, ২৬ ডিসেম্বর, প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যার ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

এক টিকিটে দুই ম্যাচ—স্বল্প খরচে স্টেডিয়ামে বসে বিপিএলের রোমাঞ্চ উপভোগ করতে প্রস্তুত সিলেট।