নারীসহ তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শনিবার রাতে এদেরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই একই উপজেলার বড়হর গ্রামের মোন্নাফ প্রামানিক ও তার স্ত্রী সোনিয়া খাতুন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলম জানান, গ্রেপ্তারকৃতরা মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য। এরা বিভিন্নভাবে যুবকদের ভাগ্য বদলের কথা বলে নানা প্রলভোন দিয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
এদেরকে বিমান যোগে বিদেশে পাঠানোর কথা বলে অবৈধ নৌ পথে পাঠিয়ে বিপদে ফেলে, নির্যাতন করে নানা অযুহাতে তাদের পরিবারের কাছ থেকে বাড়তি টাকা আয় করছিলেন বলে তাদের কাছে বিস্তর অভিযোগ রয়েছে। ওসি আরও বলেন, এই পাচারকারী চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন। পুলিশ তাদের ধরতে মাঠে নেমেছেন। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।