সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে মেটা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টসহ সংশ্লিষ্ট পেজগুলো ফেসবুকে আর দেখা যাচ্ছে না।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম আলো ও ডেইলি স্টারকে লক্ষ্য করে উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ওই দুটি সংবাদমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ হঠাৎ উধাও হওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। Centraist Nation TV-এর একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, মেটা সরাসরি ইলিয়াস হোসেনের অ্যাকাউন্ট ডাউন করেছে। উল্লেখ্য, তার ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রায় ২০ লাখ অনুসারী ছিল।
এছাড়া আরেকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইলিয়াস হোসেনের প্রায় ২২ লাখ অনুসারীর একটি ফেসবুক পেজও বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।