২১ ডিসেম্বর, ২০২৫

হাইকমিশনারকে লক্ষ্য করে উগ্র স্লোগান; নিরাপত্তা জোরদার

হাইকমিশনারকে লক্ষ্য করে উগ্র স্লোগান; নিরাপত্তা জোরদার

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শনিবার রাতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশনের বাংলাদেশ ভবনের প্রধান ফটকের সামনে এসে চিৎকার-চেঁচামেচি ও হুমকিমূলক স্লোগান দেন। এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে জানা গেছে।

বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে ওই ব্যক্তিরা বাংলাদেশ ভবনের সামনে এসে অবস্থান নেন। তারা বাংলা ও হিন্দি ভাষা মিশিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের বক্তব্য।

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, ওই ব্যক্তিরা কিছুক্ষণ গেটের সামনে চিৎকার করে চলে যান। এ সময় কোনো ধরনের শারীরিক হামলা, ভাঙচুর বা বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেনি। তিনি বলেন, কথাবার্তায় হুমকির ইঙ্গিত থাকলেও পুরো ঘটনাটি মৌখিক উসকানি ও চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এ বিষয়ে প্রেস মিনিস্টার বলেন, তারা বলছিলেন, “ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।” তবে এসব বক্তব্য বাস্তব হামলায় রূপ নেয়নি।

ঘটনার পরপরই রাতেই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে ছিল এবং অতিরিক্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা আরও সতর্ক করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আশপাশের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।