২১ ডিসেম্বর, ২০২৫

গণমাধ্যমে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত: ইইউ

গণমাধ্যমে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত: ইইউ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য “ভয়াবহ মুহূর্ত” হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এ ধরনের হামলা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে, যা কোনো গণতান্ত্রিক সমাজের জন্য অগ্রহণযোগ্য।

রোববার দুপুরে সহমর্মিতা জানাতে প্রথম আলো কার্যালয়ে এসে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বৃহস্পতিবার রাতে প্রথম আলো ভবনে সংঘটিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন।

হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মাইকেল মিলার। পরে তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলে ঘটনার সার্বিক চিত্র সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কেও খোঁজ নেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, নির্বাচনমুখী সময়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য গণমাধ্যমের কার্যক্রম অব্যাহত রাখা, সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সব পক্ষের জবাবদিহি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি এবং অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।