২১ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার দুই আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বের মনোনয়ন উত্তোলন

বগুড়ার দুই আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বের মনোনয়ন উত্তোলন

বগুড়ার রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে বিএনপির শীর্ষ দুই নেতা। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় জেলা ও উপজেলা বিএনপির পাশাপাশি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়া-৭ আসনটি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই আসন থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলীয় নেতাদের মতে, নানা রাজনৈতিক সংকট, মামলা ও দমন-পীড়নের মধ্যেও এ এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি ও ভোটভিত্তি অটুট রয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “বগুড়া-৭ এর মানুষ বেগম খালেদা জিয়াকে শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, নিজেদের অভিভাবক হিসেবেই দেখেন। অতীতের মতো এবারও তারা বিপুল সমর্থনের মাধ্যমে সেই ভালোবাসার প্রকাশ ঘটাতে প্রস্তুত।”

এদিকে বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন উত্তোলনের ঘটনাও জেলাজুড়ে নতুন করে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা সৃষ্টি করেছে। বিএনপি নেতারা বলছেন, দুই আসনেই দলীয় শীর্ষ নেতৃত্বের নামে মনোনয়ন উত্তোলন ভোটের মাঠে দলকে আরও উজ্জীবিত করবে।